নোয়াখালীতে জহির উদ্দিন (২৯) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজেরা গ্রামের কবির বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জহির উদ্দিন তিতহাজেরা গ্রামের মুন্সি ব্যাপারী বাড়ির মৃত আমির হোসেনের ছেলে। সে যুবলীগের একজন কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় কবির বাজারের আবুল কালাম ডেকোরেটরে বসে কথা বলছিল জহির। এ সময় ১৫/২০ জনের একদল মুখোশধারী জহিরের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাত থেকে বাঁচতে ওই দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে জহির। কিন্তু দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে জহির গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে জহিরের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জহিরের পরিবারের লোকজন জানান, গত দুই মাস আগ পর্যন্ত কবির বাজারে জহিরের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ওই সময় স্থানীয় কিছু সন্ত্রাসী দোকানে এসে মাদক নিতে চাইলে জহির বাধা দিত। এ নিয়ে তাদের সঙ্গে বিভিন্ন সময় বাক-বির্তক হত। এ ঘটনার জেরে এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছেন। জহির যুবলীগ করলেও সক্রিয় ছিল না বলে জানান তারা।

নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরের বিভিন্ন অংশে কুপের জখম ও গুলির চিহৃ রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএইচ