নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান (৪৮) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রানীনগর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

আক্তারুজ্জামান রানীনগর থানায় কর্মরত। তিনি সিরাজগঞ্জের সাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, এসআই আক্তারুজ্জামান পোশাক পরা অবস্থায় স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের ওপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি গত দুই বছর থেকে রানীনগর থানায় কর্মরত আছেন।

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, এসআই আক্তারুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে বগুড়া সদর হাসপাতালে চিকিৎসা চলছে তার।

উল্লেখ্য, আজ (১২ নভেম্বর) মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

এমবি