করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত সরকারি হিসাবে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৬৭৪ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৪১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।
শনিবার (০৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা করা হলো।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন।
এমবি





