বাগেরহাটের মোরেলগঞ্জের বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে লাশ উদ্ধার করা হয়। রোববার বেলা ১২টার দিকে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারক বিশ্বাস জানান, রাতে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীতে স্থানীয় লোকজন ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে ভাসমান ওই যুবকের লাশটি উদ্ধার করে। লাশের পরনে কোনো কাপড় ছিল না। পেটের ওপর দিয়ে দড়ি দিয়ে ইট ঝুলানো ছিল। শরীর পচে দুর্গন্ধ হয়ে গেছে। তাকে চেনা যাচ্ছেনা। ৭ থেকে ৮ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে দূরে কোথাও পরিকল্পিতভাবে হত্যা করে ইট বেঁধে দিয়ে নদীতে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সরদার ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
এমই





