দীর্ঘসময় খেয়ে না খেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষক-কর্মচারীরা নিজের অধিকার আদায়ের দাবী নিয়ে মাঠে নেমেছে। এ দাবীতে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেছে।

কক্সবাজার জেলা নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও চকরিয়া শাহ মজিদিয়া দারুস সুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কক্সবাজার আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিক, স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতা ও কক্সবাজার মাদরাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সালাহ উদ্দিন মো. তারেক, মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাওলানা ফরিদুল আলম, মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ নূর প্রমুখ।

তারা বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে সততা, নিষ্টা ও আন্তরিকতা দিয়ে পাঠদান করে আসছে। অথচ সেই শিক্ষক-কর্মচারীদের কোন মূল্যায়ন নেই। তারা অনাহারে অর্ধহারে সংসার জীবন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এমপিওভুক্তির আশায় ২০ বছর ধরে বিনা বেতনে চাকরী করছেন এমন শিক্ষক-কর্মচারীও রয়েছে। তারা এখনো বঞ্চিত।

বক্তারা ডিজিটাল বাংলাদেশগড়ার প্রত্যয়ে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্ত করে শিক্ষকদের কান্না থামানোর আবেদন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আলী হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্ল্যেখ, কর্মসুচিটি দেশব্যাপী পালিত হয়।

এআই