সরকার চাইলে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ বুধবার নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের আগাম নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য বলেছেন দলের সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে নির্বাচন কমিশন আগাম নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে সিইসি বলেন, সেটা করা যাবে। নির্বাচনের জন্যতো ৯০ দিন সময় থাকে। এটাতো সরকারের ওপর নির্ভর করে আগাম নির্বাচনের বিষয়টা। তারা যদি আগাম নির্বাচনের জন্য বলে, তখন আমরা পারবো। ৯০ দিনের সময় আছে, আমাদের ব্যালট বক্স যা কিছু আছে দরকার। শুধু পেপার ওয়ার্কগুলো লাগবে।

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সিইসি বলেন, পোস্টাল ব্যালটে খুব একটা সাড়া পাওয়া যায় না। তাই আমি বলেছি যে, তিনশ’আসনের নির্বাচনের জন্য আমাদের লোকজনের বিদেশে বাক্স নিয়ে যাওয়া সম্ভব না। তবে নিয়মটি এখনো বলবৎ আছে। যদি ইভিএম চালু হয়, তখন হয়তো এটা করা হবে।

তিনি বলেন, এই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না ইইউ প্রতিনিধি দল আমাদের কাছে জানতে চেয়েছিল আমি বলেছি যে, এটা সম্ভব না। আমরা প্রস্তুত না। কিছু রাজনৈতিক দল এটির বিরোধীতা করেছে, সেজন্য আমরা এ নিয়ে কোনো বিতর্কে যাবো না।

তাদেরকে বলেছি যে, তোমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠি। ইউরোপীয় ইউনিয়নে আমাদের প্রায় ৮৫ ভাগ বাণিজ্য হয়। ৮০ থেকে ৯০ ভাগ গার্মেন্টস প্রোডাক্ট ইউরোপীয় ইউনিয়নে যায়।

সিইসি বলেন, নির্বাচনের ব্যাপারে তাদের কাছে যখন যে সাহায্য সহযোগীতার প্রয়োজন হবে তারা তা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের কোনো আপোষ নেই।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনের আগে আমরা বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবো। ইইউ প্রতিনিধিরা নির্বাচনের যে পরিবেশ রয়েছে তা নিয়ে সন্তুষ্ট। একটা ভালো নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এ কথা তাদের জানিয়েছি।

ঢাকায় নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজে টিরিংক সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করি একটা ভালো নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। আজকের বৈঠকে অন্য বিষয়গুলোর সাথে আমরা এটি জানিয়েছি।

উল্লেখ্য, বিগত জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়নি দাবি করে বিরোধী দলগুলো সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি করে আসছে। তবে ক্ষমতাসীন দল তা নাকচ করে দিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে।

এমবি