কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও একজনের জরিমানা আদায় করেছেন।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মালিহাদ নতুনপাড়ায় অভিযান চালিয়ে উজির আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী আসমা খাতুনকে দেড় কেজি গাঁজা, মৃত শুকুর আলীর ছেলে মাদকসেবী মুনসুর আলীকে এক বোতল বাংলা মদসহ আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৭ (ক) ধারায় আসমা খাতুনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় মুনসুর আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বারুইপাড়া ইউনিয়নের চারমাইলে অভিযান চালিয়ে মৃত ডা. নিহার উদ্দিনের ছেলে তারেকুল ইসলামকে (৩৮) এক পিস ইয়াবাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া আবুরী মাগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একই ধারায় আকরাম হোসেনের ছেলে আসাদুল ইসলামকে (২৮) পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসব অভিযানে মিরপুর থানার এসআই আবদুল হালিম, এসআই শহিদুল ইসলাম শেখ, এএসআই সাহেব আলী, এএসআই আতিকুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





