নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে মো. হাসান নামের এক যুবলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় তারা হাছানকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করে।
রোববার দিবাগত রাত এগারটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত মো. হাসান (২৭) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাইকার বাড়ীর আবুল খায়েরের ছেলে। সে যুবলীগ কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাসান তার বাড়ীর পাশে থাকা মাছের খামার দেখে বাড়ী ফিরছিল। হাসান তার বাড়ীর সামনে এলে আগে থেকে উৎপেতে থাকা একদল দূর্বৃত্ত তার উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর জখম অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষের কেউ এ হামলা চালাতে পারে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসানের মাথা-পায়ে কুপিয়ে ও ডান হাতের পিছনে, পিঠে চর্রা গুলি করে জখম করেছে দূর্বৃত্তরা। বর্তমানে সে নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসান যুবলীগ করে বলে জানা গেছে কিন্তু তার দলীয় কোন পদবী জানা যায়নি। ঘটনায় থানায় এখনো পর্যন্ত সোমবার সকাল সাড়ে ৯টা কোন অভিযোগ আসেনি।
এসএইচ





