জয়পুরহাটে পৃথক দুটি দূরপাল্লার বাসে ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এরমধ্যে, শ্যামলী পরিবহনের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে তারা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট শহরের আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় অবস্থায় এ ঘটনা ঘটে।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের কোমরগ্রাম-বানিয়াপাড়ায় পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রড বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার ও ওসি (ডিবি) মাহফুজার রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের হিলি থেকে শ্যামলী পরিবহন দূরপাল্লার বাসটি জয়পুরহাটে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় থামানো হয়। সেখানেই দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে বাসের প্রায় সব ক’টি আসন (সিট) পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

অপরদিকে, আধা ঘণ্টা পরে মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে। এসময় ট্রাকে পেট্রোল বোমা মেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

ট্রাক চালক আফসার হোসেন জানান, চট্টগ্রাম থেকে জয়পুরহাটের উদ্দেশে আসা গাড়ির কেবিনে নগদ ৮০ হাজার টাকাও ছিল, যা আগুনে ভস্মিভূত হয়েছে।

পৃথক দুটি ঘটনার বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) আবু কালাম সিদ্দিক জানান, ট্রাক চালক পুলিশের সতর্কতা অমান্য করে ট্রাক নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অপরদিকে বাসে আগুনের ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে, যা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ