আপন জুয়েলার্সের সিলগালা করে দেয়া একটি বিক্রয়কেন্দ্রে ফের অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার বিকাল ৩টার দিকে গুলশান ২ নম্বরের সুবাস্তু ইমাম টাওয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের ওই শাখায় অভিযান শুরু হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনার শাফিউর রহমান জানান, রোববার গুলশান এলাকায় সাপ্তাহিক ছুটি থাকায় তাদের সদস্যরা সুবাস্তু টাওয়ারের ওই দোকান সিলগালা করে যান। সোমবার সেটি খুলে অভিযান চালানো হচ্ছে।

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের মালিক।

এই পরিবারের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত চালাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

এরই অংশ হিসেবে রোববার ঢাকায় আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্রে অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। সুবাস্তু টাওয়ারে আপনের দোকান সিলগালা করার পাশাপাশি মৌচাক, উত্তরা, জিগাতলার সীমান্ত স্কয়ার এবং গুলশানের ডিসিসি মার্কেটের বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়।

ওই চারটি বিক্রয়কেন্দ্রে চালানো অভিযানে ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার এবং ৬১ গ্রাম হীরা জব্দ করা হয় যার বাজার মূল্য ৮৫ কোটি ৩৮ লাখ টাকা।

এছাড়া সাফাত, দিলদার আহমেদ ও আপন জুয়েলার্সের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সব ব্যাংকে রোববার চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমই