কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করেছে পুলিশ। আটক সিএনজিচালকের নাম মাহবুব উল্লাহ (৩০)। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার নুর মোহাম্মদের ছেলে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া সড়কে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, পল্লানপাড়া সড়কে পুলিশের টহলদল টেকনাফ শহরমুখী একটি সিএনজিকে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা সিএনজি থেকে কয়েকটি বস্তাসহ পার্শ্ববর্তী বাড়িঘরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের পিছু নেয়।

একপর্যায়ে সিএনজিচালক মাহবুব উল্লাহকে আটক করা হয়। এ সময় তিনটি বস্তায় ১২টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে এসব প্যাকেট খুলে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা বলে পুলিশ জানায় পুলিশ। পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, এটি টেকনাফ মডেল থানা পুলিশের সবচেয়ে বড় ইয়াবা উদ্ধারের ঘটনা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমই