চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এবং রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬জন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকালে বাকলিয়া থানার রাজাখালী নামক এলাকায় দ্রুতগামী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোহাম্মদ সোহেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় বাসের আরো দুই যাত্রী আহত হয়েছেন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুপুরের দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট নামক এলাকায় কাপ্তাই সড়কে বাস ও টমটমের সংঘর্ষে টমটমের চার যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানিয়েছেন, নোয়াপাড়ায় দুর্ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমকে





