রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় রাত ৯টার দিকে ট্রাকে হামলা চালিয়েছে অবরোধকারীরা। এতে ট্রাকের চালক শামীর হোসেন ও হেলপার আল-আমিন আহত হয়েছেন।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকের মালিক আমজাদ হোসেন জানান, পাবনায় পণ্য সরবরাহ শেষে খালি ট্রাক রাজশাহীতে ফিরছিল। রাত ৯টার দিকে খড়খড়ি এলাকায় পৌঁছালে হরতাল সমর্থকরা প্রথমে ট্রাকে পেট্রলবোমা হামলা চালায়। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরলেও বাতাসে নিভে যায়। কিছু দূর যাওয়ার পর তারা রাস্তায় গাছ ফেলে ট্রাকের গতিরোধ করে। এ সময় তারা ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙে চালাক ও হেলপার আহত হন।

রাজশাহীর মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

কেএইচ