যশোরের বেনাপোলে বেড়ানোর নাম করে নিয়ে এসে ভারতে পাচারের সময় এক তরুণীকে (২২) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ‍(বিজিবি) সদস্যরা।এ সময় পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বেনাপোলের দৌলতপুর এলাকায় এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া তরুণীর বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায় বলে পুলিশ জানায়। আটক যুবক খুলনা শিরোমনির খানজাহান আলী রোড এলাকার আলম শেখের ছেলে সোহাগ (২৭)।

বিজিবি জানায়, তাদের কাছে সংবাদ আসে ভারতে পাচারের উদ্দেশে এক তরুণীকে খুলনা থেকে বেনাপোল নিয়ে এসেছে এক পাচারকারী। এ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ভারত সীমান্ত ঘেষা বেনাপোলের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তরুণীটিকে উদ্ধার ও পাচারকারীকে আটক করে।

এসময় তাদের সঙ্গে থাকা অপর আর এক দালাল বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া তরুণীকে পোর্ট থানার জিম্মায় রাখা হয়েছে ও আটক যুবকের বিরুদ্ধে পাচার মামলা দায়ের করা হয়েছে। 

২৩ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্পের ল্যান্স নায়েক রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ভিকটিম ও পাচারকারী দু’জনকে শুক্রবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ