বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়াসহ চারজনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম।
রোববার সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি।
বিবৃতিতে মাওলানা এটিএম মাছুম বলেন, '২৫ অক্টোবর বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলা থেকে জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, কালাই উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নূরুজ্জামান সরকার ও সাবেক আমির মাওলানা মনসুর রহমানকে বিনা কারণে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরওয়ানা ছিলো না। জামায়াতের নেতা-কর্মীদেরকে গ্রেফতার সরকারের একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। আমি এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
বিবৃতিতে তিনি আরো বলেন, 'জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রত্যেক রাজনৈতিক দলেরই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সাংবিধানিক অধিকার আছে। এটা প্রত্যেক দলের ও দেশের জনগণের নাগরিক ও সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই।'
বিবৃতিতে তিনি বলেন, 'দেশে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সেদিকে সরকারের কোনো নজর নেই। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের উপর জুলুম-নিপীড়ণের পরিণতি কখনো শুভ হয় না।'
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অবিলম্বে জয়পুরহাট জেলার গ্রেফতার চারজনসহ সারাদেশে গ্রেফতার হওয়া দলীয় সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার আহ্বান জানান। - বিজ্ঞপ্তি
এমআর





