এশিয়া-প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সিইও শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে চীনের উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি।
আগামী ৯-১৫ নভেম্বর চীনের রাজধানী বেজিংয়ে অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১১টা ৫৫ মিনিটে বেজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতি কতিপয় নন-অ্যাপেক এশীয় দেশের সঙ্গে ‘যোগাযোগ অংশীদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক সংলাপে ভাষণ দেবেন বলেও আশা করা হচ্ছে। ৮ নভেম্বর অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং যোগদান করবেন।
শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রপতির চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
দেশে ফেরার পথে চিকিৎসার জন্য ১১ নভেম্বর চীন থেকে সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি।
এআর





