জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন।

সচিব বলেন, মেয়াদ শেষের আগে চট্টগ্রাম সিটিতে নির্বাচন অনুষ্ঠানে সমস্যা নেই। তাই জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ করা হবে। কারণ জুনের তৃতীয় সপ্তাহ থেকে রোজা শুরু হবে।

২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ হয়েছিল। করপোরেশনের প্রথম বৈঠক বসেছিল ২৬ জুলাই। আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ হবে প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। এই হিসাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে আগামী ২৫ জুলাই। নির্বাচন করতে হবে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে।

ঢাকার দুই সিটির নির্বাচন সম্পর্কে সিরাজুল ইসলাম বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে ঢাকার নির্বাচন নিয়ে আলোচনার বিষয়টি আজ পত্রিকায় দেখলাম। আমার জানা মতে, এ–সংক্রান্ত কোনো গেজেট ইসিতে পৌঁছেনি। সীমানা গেজেট হাতে পেলে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি বিবেচনা করা হবে।’

কেএইচ