তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরুল আলমের দায়ের করা মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম।

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সত্যতা নিশ্চিত করে পিপি আবুল হাশেম বলেন, ‘বঙ্গবন্ধুকে রাজাকার আখ্যায়িত করে বক্তব্য দেওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দ-বিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে রাজাকার আখ্যায়িত করায় চট্টগ্রামে মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ইআর