নেত্রকোনার খালিয়াজুরীতে নবম শ্রেণির ছাত্র দিপু সরকারের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কাদিরপুর কালীগাছ কান্দার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই রাতেই গোবিন্দ সরকার (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। দিপু সরকার খালিয়াজুরীর কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে। সে খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল।

দিপু সরকারের বাবা মন্টু সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮ টার পর থেকে দিপুকে গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খুঁজে এ রাতেই ১১ টার দিকে তার লাশ পাওয়া যায় ওই ধান ক্ষেতে। তারপর পুলিশ খবর পেয়ে রাতেই লাশ এখান থেকে থানায় নিয়ে যায়।

খালিয়াজুরী থনার ওসি হযরত আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় খুনের মামলা দেয়ার প্রস্তুতি চলছে।