নদীতে প্রচণ্ড স্রোতে ও ঢেউয়ের পাশাপাশি চ্যানেলে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে।

বুধবার সকালে ছোট-বড় চব্বিশটি বিভিন্ন গাড়িবোঝাই ফেরি 'বীরশ্রেষ্ট মতিউর রহমান' ডুবোচরে আটকা পড়ে। পরে উদ্ধারকারি একটি আইটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে ফেরিটি উদ্ধার করে। এদিকে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে নদীপারের অপেক্ষায় আটকা পড়েছে বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক।

দুপুরে দৌলতদিয়াঘাট সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ইউনিয়ন বোর্ড এলাকা পর্যন্ত তিন কিলোমিটার ফোর লেন রাস্তার একপাশে বিভিন্ন পণ্য বোঝাই শত শত ট্রাকের দীর্ঘ সারি। আটকে পড়া ট্রাকচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের তিন দিন আগে থেকে পরের তিন পর্যন্ত মোট ছয় দিন এই নৌরুটে ট্রাক পারাপার বন্ধ থাকবে। এ কারণে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবোঝাই শত শত ট্রাকের চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে নদীতে প্রচণ্ড স্ত্রোত ও ঢেউ বইছে। এতে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। পাশাপাশি নৌ চ্যানেলে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় সেখানে চলাচলকারি অনেক ফেরি প্রায়ই ডুবোচরে আটকা পড়ছে।
সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া ঘাট থেকে ১৫টি ট্রাক, একটি বাস ও ৮টি ছোট গাড়ি বোঝাই করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি রো রো (বড়) ফেরি
দৌলতদিয়াঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদী পেরিয়ে দৌলতদিয়া চ্যানেল অতিক্রম করতে গিয়ে ডুবোচরে আটকা পড়ে। টানা আড়াই ঘন্টা ডুবোচরে আটকে থাকার পর বুধবার দুপুর ১২টায় একটি আইটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন বোঝাই ফেরিটি উদ্ধার করে।

এদিকে বিআইডাব্লিউটির ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল রাখতে দৌলতদিয়া চ্যানেলের ভাটিতে নতুন একটি বিকল্প চ্যানেল তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী দু-এক দিনের মধ্যে চ্যানেলটির খননকাজ শেষ হবে।

অন্যদিকে ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডুবোচর অপসারণ করে নৌপথের নাব্যতা দ্রুত ফিরিয়ে আনা না হলে আসন্ন ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি পারাপার বিপর্যয়ের মুখে পড়বে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেআই