আশুলিয়ার কুটুরিয়ায় জেড এ সোয়েটার লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার বিকাল সাড়ে ৫টায়। আগুন নেভাতে এবং কারখানা থেকে বের হতে গিয়ে ২০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলা ভবনের ওই কারখানার নিচতলার লিংকিং শাখায় আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে কারখানার দ্বিতীয় তলায়।

এ সময় কারখানা থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে ১৫ শ্রমিক আহত হন। তাছাড়া আগুন নেভাতে গিয়ে ওই কারখানার ফিনিশিং শাখার সুপারভাইজার মানিকসহ পাঁচ শ্রমিক আহত হন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার সাথে সাথেই কারখানার শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। আশুলিয়ার ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে তাদের সাথে ডিইপিজেডের আরো একটি ইউনিট, ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সাথে যোগ দেয়। আড়াই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

শ্রমিকেরা জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন। তবে জরুরি শিপমেন্ট থাকায় সকাল থেকেই কারখানায় প্রায় সাড়ে ৩০০ শ্রমিক কাজ করছিলেন। বিকাল সাড়ে পাঁচটায় হঠাৎ করেই নিচতলার লিংকিং শাখার পেছনের দিকে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কারখানা।

কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক সালাম আকন্দ স্বপন জানান, আগুনে তাদের শিপমেন্টের অধিকাংশ মালপত্র পুড়ে গেছে। সব মিলিয়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নেভাতে দেরি হয়েছে বলে তিনি জানান।আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

ঢাকা, ২০ জুন  (টাইমনিউজবিডি.কম) // জেআই