মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যা ও জুলুমের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

বাংলাদেশের বৌদ্ধদের অধিকার রক্ষায় কর্মরত সংগঠন “বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন” (Bangladesh Buddhist Federation)-এর নেতারা আজ এই নিন্দা জানান।

মিয়ানমারের আরাকান স্টেটে বসবাসকারী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী ও চরমপন্থী বৌদ্ধদের হত্যা, ধর্ষণ এবং জ্বালাও-পোড়াওয়ের নিন্দা জানিয়ে ফেডারেশনের নেতারা অবিলম্বে এই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।

আজ (রোববার) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার’স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা এমন দাবি জানান।  

সংবাদ সম্মেলনে, বাংলাদেশের বৌদ্ধ নেতারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর যেই বর্বরোচিত নির্যাতন চালানো হচ্ছে তা শুধু ধর্ম-বিরোধী অপরাধই নয়, এটা চরম মানবাধিকার লঙ্ঘনও বটে।

বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া বলেন, এ ধরনের বর্বরতাকে তারা ঘৃণা করেন এবং এ পরিস্থিতিতে বিশ্বের সব দেশের উচিত রোহিঙ্গা মুসলমানদের পক্ষে অবস্থান নেয়া।

রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান অমানবিক হত্যাযজ্ঞ ও যুলুমের ইস্যুকে ঘিরে বাংলাদেশে যে কোন মুহুর্তে অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে বলেও সংবাদ সম্মেলনে আশংকা প্রকাশ করেছেন বৌদ্ধ নেতা অশোক।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন স্টেটে দেশটির সেনাবাহিনীর একের পর অভিযানে শত শত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানকে হত্যা, নারীদের ধর্ষণ ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনাকে ঘিরে রোহিঙ্গা সংকটের ক্রমাবনতি ঘটে।

গত কয়েকদিন ধরে রোহিঙ্গা মুসলমানদের ওপর যুলুম-নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠন বিক্ষোভ প্রদর্শণ করে আসছে। ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর চলমান বর্বরতার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

এদিকে, এখনও পর্যন্ত রাখাইন রাজ্যে দেশী-বিদেশী কোন গণমাধ্যমকে প্রবেশ করতে দেয়নি মিয়ানমার সরকার। ছোট্ট দেশটির এমন ঔদ্ধত আচরণে হতবাক হয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

তবে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন ও অন্যান্য মাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাখাইন স্টেটে শত শত বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দেয়া হয়েছে এবং আগুনে পুড়িয়ে বহু রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে।  

আর এমনই পটভূমিতে কোনমতে জীবন নিয়ে ছোট ছোট নৌকায় করে বাংলাদেশ আশ্রয় নিতে আসা রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। অসহায় সেই রোহিঙ্গা মুসলমানদের মধ্যে রয়েছেন বহু ছোট শিশু, নারী ও বৃদ্ধ। এদের হৃদয় বিদারক কান্নার সচিত্র ছবি নানা মাধ্যমে প্রকাশিত হবার পর বাংলাদেশ সরকারের ওপরও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ব্যাপকভাবে চাপ বাড়ছে।

শুধুমাত্র মুসলমান বলে রোহিঙ্গা ইস্যুকে খাটো করে না দেখে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর অনুরোধ  জানিয়ে আসছেন বিভিন্ন ধর্মীয় ও মানবাধিকারে সংগঠনের সদস্যরা।

কেবি