দুর্নীতির মামলায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপ খাদ্য কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) কাজী মমিন উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নূরুল হুদা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেন, ১১ লাখ ৩২ হাজার ১০৫ টাকার সরকারি চাল ও গম আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি মিরসরাই উপজেলার উপ খাদ্য কর্মকর্তা কাজী মমিন উল্লাহ আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মিরসরাইয়ের একটি খাদ্যগুদামের দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে মামলাটি হয়।
দুদকের আইনজীবী আরও বলেন, ২০১২ সালের ১৯ জুন মিরসরাই উপজেলার সাবেক খাদ্য নিয়ন্ত্রক আনোয়ারুল হক বাদী হয়ে মমিন উল্লাহকে আসামি করে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১৭ ডিসেম্বর দুদক চট্টগ্রামের বর্তমান পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এমআর





