চট্টগ্রামে কোরবানির জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে কেনা বড় একটি গরু চাক্তাই খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর দেওয়ানবাজার এলাকার চাক্তাই খাল থেকে গরুটি উদ্ধার করা হয়।

দেওয়ানবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ বুধবার ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে গরুটি কিনে বাসার নিচে রেখেছিলেন। মাঝরাতেই গরুটি রশি ছিড়ে পালিয়ে গিয়ে চাক্তাই খালে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম টাইমনিউজ বিডিকে বলেন, কোরবানির জন্য কেনা বড় একটি গুরু চাক্তাই খালে পড়ে যাওয়ার খবরে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে ক্রেন দিয়ে গরুটি খাল থেকে তোলা হয়। বর্তমানে গরুটি সুস্থ আছে এবং মালিক জাহেদকে গরুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। 

মাসুম/এমবি