সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুস সালাম (৫২) নামে এক ইঞ্জিন চালিত নৌকার মাঝিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সালামের নাতি রঞ্জু সরকার (১৭) গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার রাউতারা স্লুইচ গেটের অদূরে ইটাখোলাভিটা নামক স্থানে ঘটনাটি ঘটে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত রঞ্জুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শাহজাদপুর পৌর সদরের বিশ্বরোড সংলগ্ন মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের ঘাটে সালামের নৌকা এসে ভেড়ে। যাত্রীরা নেমে গেলে রাতে সে নৌকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
রাত আনুমানিক নয়টার দিকে ইঞ্জিনচালিত ঐ নৌকাটি রাউতারা ইটাখোলা ভিটা নামক স্থানে কচুরিপানায় আটকে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকায় থাকা সহযোগী নাতি রঞ্জুকে নিয়ে কচুরিপানা থেকে নৌকাটি উদ্ধার কাজে ব্যস্ত ছিল।
এসময় অপর একটি ইঞ্জিনচালিত নৌকায় আসা অজ্ঞাতনামা ৭/৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে শ্যালো নৌকার মালিক সালামকে উপর্যুপরি কুপিয়ে ও জবাই করে হত্যা করে পানিতে ফেলে দেয়। বাধা দিতে গেলে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে তার নাতি রঞ্জু গুরুতর জখম করে। রঞ্জু পাশ্ববর্তী রাউতারা গ্রামে এসে লোকজনকে ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এসআই আব্দুল জলিল জানান, নিহতের ঘাড় ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ধরণ দেখে ধারণা করা হচ্ছে এটি পেশাদার কোন খুনির কাজ।
থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের ছেলে জাহিদুল ইসলাম সাদ্দাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
এআই





