নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৪৫) বলে জানা যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

মঙ্গলবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলীর বাড়ি নাটোর শহরের কান্দিভিটুয়ায়।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক সুজন মিয়া ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।

এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায় এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে বাসযাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত হয় আরো ১০ বাস যাত্রী। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তানভীর চৌধুরীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসএইচ/এমকে