পরিবহন ধর্মঘটের কারণে ঢাকার সঙ্গে খুলনাসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ধর্মঘটের কারণে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোনো বাস গাবতলী ছেড়ে যাচ্ছে না।
বুধবার সকালে গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে এ চিত্র দেখা গেছে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানুর আলম বলেন, ধর্মঘটের কারণে গাড়ি চলছে না। ঢাকা ছাড়বেন বলে অনেক যাত্রী টার্মিনালে এসে ফিরে যাচ্ছেন। তবে এ নিয়ে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে বিষয়টি দেখতে তৎপর রয়েছে পুলিশ।
ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের এক চালক ও চেকারকে আটক এবং শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধর্মঘট শুরু হয়।
এতে ঢাকার সঙ্গে খুলনাসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবহন মালিক ও শ্রমিকদের এ ধর্মঘটে ঢাকাগামী যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছেন তেমনি চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা ছেড়ে ওই অঞ্চলে যেতেইচ্ছুরাও।
এএইচ





