ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু ও কোটচাঁদপুর উপজেলায় পুলিশের গুলিতেআব্দুর রশিদ ও হযরত আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হন পুলিশের তিন সদস্য।ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।

শনিবার ভোরে পৃথক পৃথক স্থানে পুলিশের অভিযান চালানোর সময় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এতে উল্লেখিত হতাহতের ঘটনা ঘটে।

ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেনঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা চরমপন্থি দলের সদস্য বলেও জানান তিনি।

পুলিশ জানায়, কোটচাঁদপুরের সিরামপুর গ্রামের নূর ইসলামের ছেলে চরমপন্থী আব্দুর রশিদের সঙ্গে শনিবার ভোররাতে তাদের বন্দুকযুদ্ধ হয়। সন্ত্রাসীরা রাতে কোটচাঁদপুরের কয়েক স্থানে জড়ো হয়, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বন্দুক যুদ্ধ শুরু হয়। এসময় পুলিশের গুলিতে মারা যায় আব্দুর রশিদ নামে এক চরমপন্থি। উদ্ধার করা হয় তিন রাউন্ড গুলি ও একটি পাইপগান।

অন্যদিকে, হরিণাকুন্ডুর রিশখালী আমতলা গ্রামের মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়। পুলিশ তার নাম নিশ্চিত করতে না পারলেও স্থানীয়রা জানান, নিহতের নাম- হযরত আলী, তিনি কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের মাহাতাবের ছেলে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলি, ছয়টি তাজা বোমা ও একটি এলজি উদ্ধার করে। আহত হয় হরিণাকুন্ডু থানার তিন পুলিশ সদস্য।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ