পাকিস্তান ডে উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার( ২৩ মার্চ) ইমরান খানকে লেখা চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে যাত্রা সমুন্নত রাখলে দুই দেশের জনগণই উপকৃত হতে পারে।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং সেই সঙ্গে পাকিস্তানের জনগণের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

এএস