সাতক্ষীরা শ্যামনগর রেঞ্জ পশ্চিম সুন্দরবনে চোরাই কাঠসহ তিন পাচারকারীকে আটক করেছে কদমতলা বন স্টেশন অফিসের সদস্যরা।

রোববার আনুমানিক সকাল ৪.৩০ টার দিকে শ্যামনগর মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির পাশে গাজীর খালের ভিতর থেকে কাঠ ভর্তি একটি নৌকাসহ পাচারকারীদের আটক করা হয়।

আটক তিন পাচারকারী হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের মেছের গাজীর ছেলে ফারুক হোসেন (৩৮), মৃত সোহরাব মিস্ত্রির ছেলে আমিনুর রহমান (৪৫) এবং একই গ্রামের মৃত অবে গাজীর ছেলে মজিদ গাজী (৫২)।

কদমতলা বন স্টেশনের ওসি শ্যামা প্রসাদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫০ ঘনফুট গেওয়া কাঠ ভর্তি একটি নৌকাসহ তিন পাচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারীদের পরে শ্যামনগর থানায় সোপর্দ করা হয় এবং বন আইনের মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়।

এমআইএস