রাজধানীর রমনা থানা এলাকার একটি আবাসিক ভবনের ছাদে রডের সঙ্গে ঝুলন্ত তানভীর হাসান সুসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বড় মগবাজার ৩/৫/বি নম্বর বাড়ির ৬ তলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জামালপুরের সদর উপজেলার বজলাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুসান চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।
নগর পুলিশের রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৩ এপ্রিল বড় মগবাজারের ওই ছয়তলা বাসার পঞ্চম তলায় সুসান বন্ধুদের কাছে বেড়াতে আসেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
‘বন্ধুরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মঙ্গলবার সকালে ছাদে রডে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।’
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মোশাররফ।
তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এম আর





