‘৩১ রোহিঙ্গা মুসলিম’কে বাংলাদেশে পুশইন -এ ব্যর্থ হয়ে অবশেষে ৪ দিন পর ফিরিয়ে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ (২২ জানুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
গত ১৮ জানুযারি সন্ধ্যা ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা কাজিয়াতলী সীমান্তের নো-ম্যানস ল্যান্ড (শুন্য রেখা) দিয়ে ৩১ জন ‘রোহিঙ্গা মুসলিম’কে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, এরমধ্যে ১৭জন শিশু, ৮জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছিল। ফলে কসবা সীমান্তে সর্তক অবস্থান নেয় বিজিবি।
জাহাঙ্গীর আরও জানান, বিজিবি ২৫ ব্যাটালিয়নের সাথে ভারতের বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে। এই অবস্থায় গত ৪ দিন ধরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে (শুন্য রেখা) অবস্থান করে রোহিঙ্গারা।
২৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর জানান, তাদেরকে ফিরিয়ে নিতে বিএসএফে’র সাথে একাধিকবার পতাকা বৈঠক করা হয়েছে। সীমান্তের শূন্যরেখায় অবস্থানকরীরা বাংলাদেশের নাগরিক নয়। এজন্য তাদেরকে গ্রহণ করতে পারিনি। সকালে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।
এমবি





