উখিয়ার ক্রাইম স্পট সীমান্তের পালংখালীর বটতলী এলাকায় সংঘটিত ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান জাবু হত্যা মামলার ৪ দিন পার হলেও পুলিশ কোন আসামীকে এখনো আটক করতে পারেনি।
এঘটনার জের ধরে সেখানে আরো ভয়াবহ পরিস্থিতির আশংকায় আতংকিত গ্রামবাসী। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ছাত্রলীগ নেতা জাবুর শোকাহত মা ও পরিবারকে সান্তনা দিলেও আসামী গ্রেফতার না হওয়ায় তাদেরকে আতংকে দিন যাপন করতে হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসলু জানান, পালংখালীর পূর্ব ফারিরবিল গ্রামের নিহত মুজিবুর রহমান জাবু হত্যাকারী ছগির আহমদের ছেলে শাহরিয়ার শাকিলের মধ্যে চিংড়ি বিক্রির টাকা লেনদেনের সূত্রপাত ধরে বিরোধের সৃষ্টি হয়।
গত রোববার ৭ মে রাত সাড়ে ৮ টায় বটতলী এলাকায় প্রতিপক্ষ শাহরিয়ার শাকিলের নেতৃত্বে ১০/১২ জন দর্বৃত্ত অর্তকিত হামলা চালিয়ে পালংখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান জাবুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
মূমুর্ষ অবস্থায় তাকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জাবুকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় জাবুর বড় ভাই লুৎফুর রহমান বাদী হয়ে ১২জনকে এজাহার নামীয় আসামী করে গত সোমবার ৮ মে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ সুপার ড. ইকবাল হোসেন গত ৯ মে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় তিনি নিহত জাবুর মা ও পরিবারের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আসামীদের আইনের আওতায় আনার আশ্বস্ত করেন।
মামলার বাদী নিহত জাবুর বড় ভাই লুৎফুর রহমান জানান, আসামীরা এলাকার প্রভাবশালী চিহ্নিত সন্ত্রাসী বিধায় তারা আত্মগোপনে থেকে আমি ও আমার পরিবারকে এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি না করার হুমকি দেয়। আসামীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তার পরিবারের কেউ নিরাপদ নয় বলে সে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, গতকাল বুধবার সকাল থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা কায়কিসলুর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পূর্ব ফারির বিল বটতলী আনজুমান পাড়া প্রভৃতি এলাকায় তল্লাসী চালিয়েছে। তিনি বলেন, আসামীরা এলাকা ছাড়ার কারণে পুলিশ তাদের আটক করতে পারছে না।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, আসামীদের গ্রেফতার ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ পালংখালী ইউনিয়নে দফায় দফায় তল্লাসী অভিযান অব্যাহত রেখেছে।
মানিক/এমবি





