আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) ছাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাজী নেহেলীন নামের এক ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন ছাত্রী।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী নেহেলীন ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী ছিলেন।
আইআইইউসির সহকারী প্রক্টর জাহিদ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাস থেকে বাসটি ছাত্রীদের নিয়ে নগরের বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে। আহত ছাত্রীদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের নগরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নেহেলীনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এমবিএইচ





