পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রতিদিনই ব্যাহত হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে কুয়াশার কারণে আবারও নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে রেখেছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এছাড়া কুয়াশায় ৫টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে তিনি জানান, মধ্যরাত দেড়টা থেকে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে এলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা আরও জানান, নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৫টি ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এমবি