চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের মিছিল লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এতে মো. রফিক (৫৭) নামে একজন আহত হন।

নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেসের সামনে রবিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, গণজাগরণ মঞ্চের মিছিলটি সিনেমা প্যালেস এলাকায় পৌঁছলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখানে রফিককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, ওই ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

এর আগে, আন্দরকিল্লা এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ জানান, সর্বাধিক নির্যাতনের শিকার হওয়া চট্টগ্রামবাসী বদরবাহিনী প্রধানের ফাঁসির রায়ে আনন্দ মিছিল বের করে। মিছিলে ককটেল হামলা চালানো হয়।

তিনি আরও জানান, এ হামলার মাধ্যমে মীর কাসেম আলীর দোসররা যে এখনও সক্রিয় তা প্রমাণিত হয়েছে। তিনি দায়ীদের গ্রেফতারসহ বিচার দাবি করেন।

জেআই