ফেনীর সোনাগাজীতে সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর সমাবেশে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় পুলিশের সঙ্গে জলদস্যু ভাগিনা কালাম বাহিনীর দফায় দফায় সংঘর্ষে এক প্রকোশলী ও পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের চাঁন মিয়ার দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেনী-৩ আসনের (স্বতন্ত্র) সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ মঙ্গলবার বিকালেনির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডপরিদর্শনে যান। তার সমাবেশস্থল পশ্চিম চর দরবেশ গ্রামের চাঁন মিয়ার দোকান এলাকায় জলদস্যুরা প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। এর আগে দুপুরে এমপির নিরাপত্তার লক্ষ্যে ওই এলাকায় সোনাগাজী থেকে ১০/১২ জন পুলিশ সদস্য অবস্থান নেয়।
সমাবেশের সময় স্থানীয় জলদস্যু ভাগিনা কালাম বাহিনীর সদস্যরা তোরণ ভেঙে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বাধা দিলে জলদস্যুরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় ককটেলের আঘাতে পুলিশ কনস্টবল মো. রফিক, ছানা উল্যাহ ও আশ্রাফ উদ্দিন নামের এক সহকারী প্রকৌশলীসহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, পুলিশের ওপর হামলাকারী জলদস্যুদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
কেএইচ





