হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নির্বাচনী পরবর্তী চেয়ারম্যানের বিজয় মিছিলে আ'লীগের হামলায় স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার দিবাগত রাতে উপজেলার শেখেরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মনির (১৪) উপজেলার মধ্যনরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার রাতে ৬ নম্বর সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান লিয়াকত হাসানের সমর্থকরা বিজয় মিছিল করে। মিছিল থেকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মনির মারা যান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এমই/এসএম





