হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে খুলনার লবনচরা থানার রূপসী রূপসার মান্দ্রা খালের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাম ইমরান সজীব আকন্দ (২৮)। গল্লামারী এলাকার মুহাম্মদনগরের নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় যুবলীগ কর্মী।

স্থানীয়রা জানান, সজীব আকন্দের মান্দ্রা খালের পাড়ে মাছের ঘের রয়েছে। সেখানে তিনি দুপুরে মটরসাইকেল নিয়ে এসেছিলেন। এসময় ১০-১৫ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

লবনচরা থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, স্থানীয়রা সজীব আকন্দকে মান্দ্রা খালের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ আহত সজিব আকন্দকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত সজিব আকন্দ নিজেও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। কিছুদিন আগে তিনি একটি হত্যা মামলায় জেল থেকে বের হয়েছেন। তিনি জলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগ কর্মী।

এআর