বরিশাল নগরীর রূপাতলীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা। এঘটনায় ওই হাসপাতালের চিকিৎসক ও সেবিকাসহ ৩ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার আব্দুল্লাহ হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, হাসপাতালের স্বত্বাধিকারী ডা. হুমায়ুন কবির ও সেবিকা ঝুমুর এবং সাথী।
হাসপাতাল সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তারিকাঠা গ্রামের বাসিন্দা মৃত সরুব আলী হাওলাদারের ছেলে রুস্তম আলী হাওলাদার (৬৫) চারদিন আগে হৃদরোগ, ডায়বেটিসসহ বাধ্যক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন।
আহত সেবিকা ঝুমুর জানান, রুস্তম আলী হাওলাদারের মৃত্যুর পরপরই তার স্বজনরা উত্তেজিত হয়ে অপরাশেন থিয়েটারসহ হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান। এসময় ডা. হুমায়ুন কবিরসহ দুইজন সেবিকা আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতয়ালি থানার এএসআই ফারুক হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
মৃতের মেয়ে নাজমা জানান, শনিবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারীর সহকারী রেজিষ্ট্রার ডা. আরিফ উদ্দিন খানের তত্ত্বাবধানে তার বাবার হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়।
অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হলেও রাত সাড়ে ১০ টার দিকে তার বাবার অবস্থার অবনতি ঘটলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এর কিছুক্ষণ পরই তার বাবা মারা যান।
কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম কবির বলেন, আহতরা ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। এজন্য রোগীর মৃত্যর কারণ সঠিকভাবে জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





