বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে পাস হয়েছে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’। বহুল আলোচিত এই বিল বুধবার সন্ধ্যায় পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিলটি নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা হয়। বিরোধী দলের পক্ষ থেকে অনেক সদস্যই বিলটি আরো যাচাই-বাছাই করার প্রস্তাব দিয়েছিলেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বিলটিতে জনমত যাচাইয়ের প্রস্তাব দেন।
এ ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিলটিতে সংশোধনী এনেছেন। বিলটি উত্থাপনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ সংসদ সদস্যই উপস্থিত ছিলেন।
বিলটি পাসের ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পেলো জাতীয় সংসদ। এই বিল পাসের ফলে বিচারপতিরা সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন, যা ১৯৭২ সালের সংবিধানে ছিলো। পরবর্তীতে সামরিক ফরমানের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়ালের কাউন্সিলের হাতে ক্ষমতা দেন সামরিক শাসক জিয়াউর রহমান।
এর আগে গত ৭ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে।
কমিটি বিলটি নিরীক্ষা করে গত রোববার ১৪ সেপ্টেম্বর সংসদে উত্থাপন করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





