ডিএমপি সদর দপ্তরের সামনে আবার স্থাপন করা হয়েছে উল্টোপথে গাড়ি চলাচল প্রতিরোধক ডিভাইস। শনিবার ক্যাপ্টেন মনসুর আলী সরণী রাস্তায় এই ব্যবস্থা পুনরায় চালু হলো।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইদুর রহমান জানান, এ ব্যবস্থায় যানবাহনের আরোহীদের এবং পথচারীদের গমনাগমন নিরাপদ হবে। ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ করতে সহায়তা করবে।

ট্রাফিক আইন অমান্য করে সড়কের উল্টো পথে যানবাহন চালালে শুধু ট্রাফিক আইন অমান্য নয়, বড় ধরণের দুর্ঘটনারও ঝুঁকি থাকে।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ‘প্রতিরোধ’নামে এ আধুনিক ডিভাইস সংযোজন করছে। এই যন্ত্র উল্টো দিকে চলাচলকারী গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করবে।

কেউ উল্টোপথে গাড়ি চালাতে গেলেই তার গাড়ির চাকা ছিদ্র হয়ে যাবে। সোজা দিকে থেকে আগত গাড়ির চাকা এর উপর চাপ দেয়ার সাথে সাথে তা নিচু হয়ে গাড়িকে চলে যেতে সাহায্য করবে। এতে সোজা দিকে থেকে আগত গাড়ির চাকার কোন ক্ষতি হবেনা বা যানবাহন চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হবেনা।

উল্লেখ্য ২৩ মে ২০১৪ তারিখ হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পাশে উল্টো পথে গাড়ি চলাচল রোধক যন্ত্রের উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জনাব হাসান মাহমুদ খন্দকার।

জেইউ/এসএইচ