বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। এসময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সহযোগিতার জন্য ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) দুপুর ১২টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই সমঝোতা স্বাক্ষর সই হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, বেলা সাড়ে ১১টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে একটি নতুন চুক্তি এবং বাকি পাঁচটি চুক্তি নবায়ন করা হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন এবং প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। প্রথমে তারা একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচআইএসএ) তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও প্রদান করা হয়।

এমবি