নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর হাফিজিয়া মাদরাসার ছাত্র আশিক হোসেন (১২) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তার মা নাসিরা বেগম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মওলানা জহুরুল ইসলাম শুক্রবার বিকালে নলডাঙ্গা থানায় পৃথকভাবে দু’টি সাধারণ ডাইরি (জিডি) করেছেন।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, নাটোর সদর থানার ইয়াসিনপুর রামনগর গ্রামের খবির উদ্দিনের ছেলে আশিক গত বছর মাধনগর হাফিজিয়া মাদরাসায় ভর্তি হয়।

কয়েকদিন আগে ছুটি নিয়ে সে বাড়ি যায়। সোমবার ইয়াছিনপুর রামনগর গ্রামের বাড়ি থেকে ট্রেনে করে মাদরাসায় যাওয়ার জন্য মা নাসিরার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে ইয়াসিনপুর স্টেশনে যায়। এরপর থেকে আশিককে আর পাওয়া যাচ্ছেনা।

নাসিরা বেগম জানান, তিনি ওই দিন ইয়াসিনপুর স্টেশনে তার ছেলে আশিককে পার্বর্তীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে দিয়ে আসেন। একই সময়ে মাদরাসা শিক্ষক হাফেজ জহুরুল ইসলামকে মোবাইল ফোনে জানিয়ে দেন। কিন্ত আশিক ওই দিন মাধনগর স্টেশনে পৌঁছেনি বলে শিক্ষক তাকে জানান। এরপর তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছেনা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জিডি বিষয়টি নিশ্চিত করে জানান,আশিকের সন্ধানে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই