ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে যখন দেশবাসী চরম অস্থিরতা ও উদ্বেগের মধ্যে আছেন, তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে নাকি দেশের বাইরে অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগও মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে জানা যায় গতকাল মঙ্গলবার রাতে তিনি দেশে ফিরেছেন।

আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ’ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, গত শনিবার (২৭ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া ভ্রমণে গিয়েছেন। সাতদিন পর তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছিল, গেলো ২৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সপরিবার মালয়েশিয়া গেছেন। টিকিট অনুযায়ী ৪ আগস্ট তাঁর ফেরার কথা।

এদিকে, ২৯ জুলাই মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও বন্যার কারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্যার্থে তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন। অবশ্য মানিকগঞ্জের জেলা প্রশাসক অফিস জানে না মন্ত্রী জেলায় আছেন!

 

এএস