মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় বয়লার বিস্ফোরণে সজিব ব্যাপারী (২৮) নামে এক শ্রমিক নিহত এবং আরও অন্তত চার জন আহত হয়েছে। বিধ্বস্ত বয়লারটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ছে। এতে পাঁচটি বাড়িঘর ক্ষতি হয়।

এই বিস্ফোরণে প্রধান বিদ্যুৎ লাইন এবং বৈদ্যুতিক পুল ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বিদ্যুত সরববরাহ বন্ধ রয়েছে।

সদর উপজেলার মুক্তারপুরের বাগবাড়ির সাউদান ফিশিং নেট কারখানায় সোমবার রাত ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। আহত দেলোয়ার  (২৬), আমান (২৮), ইউসুফ (২৮), মরিয়মকে (২৪) হাসাপতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহত সজিব কারখানটির অপারেটর। তিনি বাগবাড়ির শহীদ ব্যাপারীর পুত্র। দুর্ঘটনার পর গোপনে জানাজা না দিয়ে রাতেই সজীবের লাশ দাফন করা হয়। এই ঘটনায় শহিদের বাবা এখন বাকরুদ্ধ।

পুলিশ জানায়, কারখানাটির মালিক বিএনপি গোলাম মোস্তফা। তিনি এখন পলাতক রয়েছেন। এদিকে রাত ১টা থেকে শহর ও আশপাশ, টঙ্গীবাড়ির আলদি সাবস্টেশনসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

মুন্সীগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ মনোয়ার মোর্শেদ জানান, তারা সকালে মেরামত কাজ শুরু করেছে তবে কখন সচল হবে তা বলা যাচ্ছে না।

এআই