আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে পাঁচদিনের সরকারি সফরে আগামী ০১ জুলাই (সোমবার) দালিয়ানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিবেন এবং চীনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের দালিয়ানে ১-৩ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-২০১৯’, যা ডব্লিউইএফ সামার দাভোস নামেও পরিচিত।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র গতকাল (২৬ জুন) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’কে জানিয়েছে, সফরকালে শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রেসিডেন্ট ঝি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭২০) ০১ জুলাই বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমানটি ০২ জুলাই স্থানীয় সময় বেলা ১২টা ২৫ মিনিটে লিয়াওনিং প্রদেশের দালিয়ানের দালিয়ান ঝৌশুজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

চীন সফর শেষে প্রধানমন্ত্রী বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৬ জুলাই সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন এবং একই দিন বাংলাদেশ সময় বেলা ৩টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) পৌঁছবেন।

এমবি