আশুলিয়ার গাজীরচট এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক থেকে শিবিরের ৫ কর্মীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নীলফামারী জেলার বুড়িডাঙ্গা গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন আরাফাত (২৪), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মাসুদের ছেলে রিদয় খান (১৯), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট এলাকার বিষু মিয়ার ছেলে রাসেল (১৮), ঢাকার ধামরাইয়ের মতিয়ার রহমানের ছেলে সিদ্দিক মিয়া (১৯) ও একই এলাকার দুলাল হোসেনের ছেলে আলমগীর (১৭)।

আশুলিয়া থানা পুলিশ জানায়, জামায়াতের ডাকা হরতালের সমর্থনে গাজীরচট এলাকায় অর্ধশতাধিক নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। একপর্যায়ে নেতাকর্মীরা মহাসড়কে চলাচলকারী কমপক্ষে ২০টি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি ককটেলসহ গাড়ি ভাঙচুরের অভিযোগে শিবিরের ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, আটক জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ