র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন, র‌্যাব-৫ এর সিপিএসসি, রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-৫ এর পাঠনো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টার দিকে রাজশাহী জেলার বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, বাঘার গৌরাঙ্গপুর এলাকার জামিরু ইসলাম (১৮) ও রাকিব হোসেন (১৮)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৯৭ বোতল ফেনসিডিল এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ