বিএনপি চেয়ারপারনর বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমানের গায়েবানা জানাজা অংশ নেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

জানাজার আগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রখেন। সেই বক্তব্যের শেষ পর্যায়ে জানাজায় এসে উপস্থিত হন মহিউদ্দিন চৌধুরী। তাকে দেখে বিএনপি নেতারা কানাঘুষা শুরু করেন।

পরে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলম, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এনামুল হকের সঙ্গে প্রথম সারিতে থেকে জানাজায় অংশ নেন।

জানাজাপূর্ব বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বেগম খালেদা জিয়া গভীর শোকাহত। তার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।’

জানাজায় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ২০ দলীয় জোট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

জেআই